১২ মাসে ১২ ছবি

বিনোদন ডেস্ক;:চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল তার ঘোষণা অনুযায়ী একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। গত আড়াই মাসে তিনি নতুন দুইটি সিনেমার কাজ শেষ করেছেন। পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এর একটি হচ্ছে, ‘অমানুষ হলো মানুষ’। অন্যটি ‘বাংলার হারকিউলিস’। নতুন খবর হচ্ছে, প্রতি মাসের ১৬ তারিখ থেকে ডিপজল নতুন সিনেমার কাজ শুরু করবেন। গত মাসের ১৬ তারিখ শুরু করেছিলেন ‘বাংলার হারকিউলিস’ সিনেমার কাজ। গত সপ্তাহে সিনেমাটির কাজ শেষ করেন।

১৬ই মার্চ থেকে নতুন সিনেমার কাজ শুরু করবেন বলে ডিপজল জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আমি প্রায় এক ডজন সিনেমার স্ক্রিপ্ট তৈরি করেছি। সব প্রস্তুতি শেষে এখন এগুলোর কাজ শুরু করেছি। ইতিমধ্যে দু’টির কাজ শেষ হয়েছে। ১৬ই মার্চ থেকে নতুন সিনেমার কাজ শুরু হবে। ডিপজল বলেন, সিনেমার যে দুর্দশা চলছে, তা কাটিয়ে উঠতে ভালো গল্পের নতুন সিনেমা প্রয়োজন। একের পর এক সিনেমা মুক্তি দিলে স্থবির হওয়া চলচ্চিত্র চাঙ্গা হয়ে উঠবে। কর্মহীন সিনেমার মানুষজনেরও কাজের সুযোগ সৃষ্টি হবে। ডিপজল বলেন, একের পর এক সিনেমা নির্মাণ করছি। অন্য প্রযোজকদেরও এগিয়ে আসা উচিত।