৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

কানাইঘাটে দুই পরগনার লোকজনের সাথে পুলিশের সংঘর্ষ: আহত দুই পুলিশ সদস্য

কানাইঘাটে দুই পরগনার লোকজনের সাথে পুলিশের সংঘর্ষ: আহত দুই পুলিশ সদস্য

ডায়ালসিলেট::সিলেটের কানাইঘাট পৌর এলাকার নকলা সেতু এলাকায় সোমবার সকালে চতুল-ফালজুর পরগনার লোকজনের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে সিলেটের পুলিশ সুপার মো: ফরিদ উদ্দিনও ঘটনাস্থলে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাট বাজারে ফালজুর পরগনার অন্তর্গত সুরইঘাটের এক লোককে ৪/৫ দিন আগে মারধর করেন দুর্লভপুর গ্রামের ব্যবসায়ী আকবর। এর জেরে ধরে গত কয়েকদিন ধরে চতুল-ফালজুর ও চাউরা পরগনার লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছেন। নির্যাতিত ব্যক্তির পক্ষে চতুল-ফালজুর পরগনার লোকজন একতাবদ্ধ হন। আজ সোমবার পূর্ব ঘোষণা অনুসারে ফজরের পর থেকে কানাইঘাট অভিমুখে রওয়ানা হন দুই পরগনার কয়েক হাজার মানুষ। এর আগে ফজরের নামাজের সময় সব মসজিদে মাইকিং করে অস্ত্র নিয়ে যাওয়ার জন্য আহ্বান করা হয়।
এদিকে, দুপক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ বুধবার রাত থেকে পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় অবস্থান নে। সকালে বড়চতুল ইউনিয়নের হকারাই পয়েন্টে ব্যারিকেড দিয়ে তাদের আটকায় পুলিশ। পরে তারা ব্যারিকেড ভেঙে ইটভাটা পর্যন্ত চলে যায়। এক পর্যায়ে ১০টার দিকে পৌরসভার প্রবেশদ্বার নকলা সেতুতে গিয়ে তারা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ পাল্টা আক্রমণ করে। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশের নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সেখানে অবস্থান করছে। তাদের সাথে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসবাহ উদ্দিনও রয়েছেন। এ কারণে আজ সকাল থেকে চতুল কানাইঘাট সড়কে যান চলাচল বন্ধ আছে।
এর আগে জৈন্তিয়া ১৭ পরগনার নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন। তারা ঘটনার সমাধান করতে সময়ও চেয়ে নেন। তবে এরপরই উশৃঙ্খল কিছু লোক পুলিশের ব্যারিকেড ভেঙে কানাইঘাট বাজারে যেতে চান। তখনই সংঘর্ষ হয়।
কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। তারা উত্তেজিত লোকজনকে শান্ত করার চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি।
সিলেট জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, দু’পক্ষের উত্তেজনার খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে যাচ্ছেন।

এ/