ফোনে প্রাণনাশের হুমকি সাংবাদিক কাজী ফরিদ আহমদকে

 

ডায়ালসিলেট ডেস্ক :: অজ্ঞাতপরিচয় ব্যক্তি কর্তৃক মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদকে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) আরএফইডির দফতর সম্পাদক নাজনীন লাকির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশাগত দায়িত্ব পালনকালে কিংবা কর্মস্থলে উপস্থিত হলে বড় ধরনের ক্ষতি করা হবে বলে কাজী ফরিদ আহমদকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। আত্মরক্ষার্থে এবং পরিবারের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে তিনি রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

 

জিডি সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ১৯ মিনিটে কাজী ফরিদ আহমদ যখন নরসিংদীর পলাশ এলাকায় অবস্থান করছিলেন, তখন তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। ফোনের অপরপ্রান্ত থেকে পরিচয় গোপন রেখে তাকে সরাসরি অফিসে যেতে নিষেধ করা হয় এবং নির্দেশ না মানলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়ে লাইন কেটে দেয় অজ্ঞাত এই ব্যক্তি। সংগঠনের সহ-সভাপতি কাজী ফরিদ আহমদকে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এক যৌথ বিবৃতি দিয়েছেন আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা। তারা বলেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কাজ করা একটি পেশাদার সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতাকে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া অত্যন্ত অশনিসংকেত।

 

এ ধরনের ভয়ভীতি প্রদর্শন ও হেনস্তার মাধ্যমে সাংবাদিকদের সত্য প্রকাশের কণ্ঠরোধ করা সম্ভব নয়। এ ধরনের অপতৎপরতা আইনের শাসন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থার ওপর সরাসরি কুঠারাঘাত। নেতারা অবিলম্বে উন্নত প্রযুক্তির সহায়তায় হুমকিদাতাকে শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।