তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খুদে খেলোয়াড় খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করার প্রত্যয় নিয়ে দেশব্যাপী একযোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন.. দুই)
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে সিলেটের কানাইঘাটসহ দেশের ৫০৩টি উপজেলায় সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হয়। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ পায়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পরিবেশ তৈরি করবে। আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, তাদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও শিল্পকলার সঙ্গেও সম্পৃক্ত হতে হবে।
তিনি আরও জানান, নতুন কুঁড়ি স্পোর্টস সিজন দুই এ ১৬ লাখের বেশি শিশু-কিশোরের নিবন্ধন প্রমাণ করে, সুযোগ পেলে নতুন প্রজন্ম নিজেদের প্রতিভা ও সক্ষমতা তুলে ধরতে পারে।
এদিকে, কানাইঘাট উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন দুই এর উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, খুদে খেলোয়াড় ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেলে উপজেলার আন্দুরপাড় মিনি স্টেডিয়ামে স্মার্ট টেলিভিশনের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খুদে ফুটবলার, ক্রিকেটপ্রেমী শিশু-কিশোর এবং স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় উদ্বোধনের পর দেশব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হবে। আগামী কয়েক দিনের মধ্যে ইউনিয়ন পর্যায়ে দল গঠন ও প্রাথমিক ম্যাচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সেরা খেলোয়াড়দের নিয়ে পরবর্তী সময়ে জেলা এবং জাতীয় পর্যায়ে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২ মে সিলেটে প্রথমবারের মতো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর যাত্রা শুরু হয়েছিল। প্রথম আসরের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজনের এই বৃহৎ আয়োজন দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।