সিলেট

কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ প্রায় ৪১ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮৭ পিস ভারতীয় শাড়ি, ৪২ পিস চাদর, ২ হাজার ২২০টি চশমা, ৫০০ পিস মেলব্রন ক্রিম এবং ৫ হাজার ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩৯ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে, ৪ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোভাছড়া ও গুয়াবাড়ী বিওপির বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৫ বিড়া ভারতীয় খাসিয়া পান ও দুটি গরু জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

দুটি অভিযানে সর্বমোট ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং গোয়েন্দা তৎপরতা জোরদারের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।