বিরোধী দলের আন্দোলনকে নাটক আখ্যা দিলেন রিজভী
নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা আড়াল করতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও চক্রান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এই সমাবেশের আয়োজন করে।
রিজভী বলেন, কাগজ খুললেই বিরোধী দলগুলোর নাই নাই জিকির দেখা যায়। দেশের উন্নয়ন কিংবা জনকল্যাণে তাদের নজর নেই। নিজেদের দ্বন্দ্ব আড়াল করতেই তারা রাজপথে নামার বাহানা খুঁজছে।
তিনি আরও বলেন, অন্যায় ও অপশাসন চালিয়ে কোনো শাসকই টিকে থাকতে পারে না। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ জেগে উঠলে স্বৈরাচারী শক্তিকে পালিয়ে যেতে হয়।
শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, পূজা যাতে সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সেজন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সারাদেশে দলের প্রতিনিধিরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
তিনি বলেন, কোনো অন্যায় করে কেউ পার পাবে না। আইন ও আদালতের মাধ্যমে সব অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
জেটেবের সভাপতি প্রকৌশলী মো. ফখরুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজ উদ্দিন মিশু, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব জাহানারা সিদ্দীকা সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।