ডিসেম্বরে ‘জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা সেই পুলিশ কর্মকর্তার ফোনে

ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ জন্য ‘জান বাজি রেখে’ মাঠে নামার বার্তা পাওয়া গেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠোফোনে। এসব তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ডিআইজি বলেন, জাহাঙ্গীর আলমের মুঠোফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে। একটি বার্তায় বলা হয়েছে, ‘ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে’। অন্যটিতে বলা হয়েছে, ‘ডিসেম্বরে সবাই জান বাজি রেখে মাঠে নামবে’। এসব তথ্য মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। এরপর তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাঁকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কি না, জানতে চাইলে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, বিস্তারিত তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত, দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুঠোফোনে এসব বার্তার তথ্য কীভাবে পাওয়া গেছে, সে বিষয়ে ডিআইজি বলেন, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের মুঠোফোন জব্দ করা হয়। পরে তদন্ত কমিটি গঠন করে ফোনটির ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।