২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি’র রাজনীতি ঘোমটা পরা রাজনীতি

ডায়ালসিলেট ডেস্ক::বিএনপি’র আন্দোলনের দৈর্ঘ্য কম প্রস্থ বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি’র আন্দোলন জোয়ার থেকে ভাটার দিকে যাচ্ছে। ভুয়া জোটের মাধ্যমে গঠন করা বিএনপি ভুয়া। তাদের জনগণ বিশ্বাস করে না। গণঅভ্যুত্থান, লাল কার্ড আর সরকার পতনের আন্দোলন থেকে বিএনপি কেন অন্তিম পদযাত্রায় প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ভয় পায় না, ভয় পাচ্ছে বিএনপি। কর্মসূচি নরম হচ্ছে এবং ছোট হয়ে যাচ্ছে তাদের পৃথিবী। গতকাল বিকালে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা শহীদ শেখ রাসেল পার্কের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি’র ছেড়ে দেয়া ৬টি আসনে উপনির্বাচনে ভোট অবাধ-সুষ্ঠু হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে। নির্বাচনে কে জিতলো, কে হারজাতীয় সংসদ থেকে পদত্যাগ করে বিএনপি কতোবড় ভুল করেছে যতই দিন যাবে ততই অনুধাবন করতে পারবে। তিনি বলেন, বিএনপি’র রাজনীতি ঘোমটা পরা রাজনীতি। ষড়যন্ত্রের রাজনীতি। বিএনপি’র আন্দোলনে সরকার ভয় পায়নি, উল্টো বিএনপি নিজেরাই ভয় পেয়েছে। বিএনপি ষড়যন্ত্রমূলক সমাবেশ প্রতিরোধ নয়, সতর্ক থাকবে আওয়ামী লীগ। তিনি বলেন, আগামী দ্বাদশ নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে যাবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশাহারা। মাত্র সূচনা করেছি আমরা, খেলা এখনো শুরু করিনি। বিএনপি’র সরকার পতনের আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি সবই ভুয়া। তিনি বলেন, মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শুন্য হাতে ফিরলো। সরকার পতন, ৫৪ দল, ২৭ ও ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপি’র হাঁকডাক, লোটা-কম্বল, মশার কয়েল, ৭ দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি জনগণকে বার বার ধোঁকা দিয়েছে তাদেরকে আর জনগণ বিশ্বাস করে না। নির্বাচনকে বানচালের ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ হবে না। আগামী নির্বাচনে জনগণ আবারো আওয়ামী লীগকে জয়যুক্ত করে একাত্তরের ঘাতকদের বিতাড়িত করবে। আমাদের একটাই লক্ষ্য সরকার ও বিরোধী দল দুটি থাকবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি’র লক্ষ্য দেশকে অস্থিতিশীল করে ক্ষমতা দখল করা। তারা কখনোই জনগণের ভোটের সমর্থন আর পাবে না। তাই আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, বিএনপি’র আন্দোলনের খেলা ১০ই ডিসেম্বরের পরই শেষ হয়ে গেছে, এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করুন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নীরব পদযাত্রা শুরু করেছে, কিন্তু মানুষ তাদের সঙ্গে নেই, তারা নির্বাচনেও ব্যর্থ হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর ও দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল (এমপি), মিজবাউর রহমান ভূঁইয়া রতন, শরফুদ্দিন আহমেদ সেন্টু ও হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার ও গোলাম সরোয়ার কবির প্রমুখ।
ডায়ালসিলেট এম/