ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ এ আদেশ দেন।
সোমবার আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি করেন আদালতের বিচারক সাদেকীন হাবীব বাপ্পী। আখতারুজ্জামানের পক্ষে আইনজীবী শিশির মনির, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করেন।
এর আগে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব হওয়ায় বিমানবন্দরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। এ সময় তাঁকে গালাগাল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে আখতারুজ্জামানের বিরুদ্ধে। এজাহারে বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্যের অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা আখতারুজ্জামান ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এর আগে ২০২২ সালে তাঁকে পঞ্চমবারের মতো বহিষ্কার করেছিল বিএনপি।