বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, অসহায় ও প্রতিবন্ধীদের জন্য আর্থিক অনুদান বিতরণ এবং সড়ক উন্নয়নকাজের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিবের দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
সফরের প্রথম কর্মসূচিতে দুপুর ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
বিকেল ৫টায় সিলেট জেলা পরিষদের সম্মেলনকক্ষে কেএএফসিওর (কাফকো) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় জেলার অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সন্ধ্যা ৭টায় মেজরটিলা থেকে সৈয়দপুর পর্যন্ত (টেক্সটাইল রোড) সড়কের উভয় পাশে ড্রেন ও ফুটপাত, বাউন্ডারি ওয়াল এবং রাস্তা আরসিসি দ্বারা উন্নয়নকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন মন্ত্রী। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচিতে তিনি প্রধান অতিথি থাকবেন।
সফর শেষে শুক্রবার রাতেই ঢাকা ফিরার কথা রয়েছে তার।
সফরসূচিতে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
