স্টাফ রিপোর্টার:
মশার উপদ্রব নিয়ন্ত্রণে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে মশক নিধন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রশাসকের নির্দেশনায় নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় নাগরিকদের উদ্দেশে বলা হয়, মশা নিধনের দায়িত্ব সিটি কর্পোরেশনের হলেও মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার দায়িত্ব সবার। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ার কিংবা জমে থাকা পানিতে মশার বংশবিস্তার হতে পারে।
শুধু সিটি কর্পোরেশনের অভিযানের মাধ্যমে মশার উপদ্রব সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত সহযোগিতা।
নগরবাসীকে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং ছাদ, ড্রেন ও নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।
পরিচ্ছন্ন সিলেট, মশামুক্ত সিলেট গড়তে প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ।