সিলেট প্রতিনিধি:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় পুরুষ ক্রিকেট দলের মধ্যকার আসন্ন টেস্ট ম্যাচকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
আগামী ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ম্যাচটি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ঢাকা), ডিজিএফআই, এনএসআই, এসআরবি-৯-এর প্রতিনিধিবৃন্দ।
এ ছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেটের সিভিল সার্জন কার্যালয়, আনসার ও ভিডিপি, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার এবং হোটেল গ্র্যান্ড সিলেটের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা আন্তর্জাতিক এ ক্রিকেট ম্যাচ সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব ও অভিজ্ঞতার আলোকে মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি, ম্যাচকে কেন্দ্র করে এসএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উপস্থিত প্রতিনিধিদের আশ্বস্ত করেন।
সভা শেষে আন্তর্জাতিক এ ক্রিকেট ম্যাচ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করা হয়। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।