সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে-২০২৬ উদযাপন

সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে-২০২৬ উদযাপন

 

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স প্রাঙ্গণে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকাল ১০টা ৫০ মিনিটে রেইজিং ডে-২০২৬-এর উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। পুলিশ লাইন্সে পৌঁছালে এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার পুলিশ পতাকা ও এসএমপির পতাকা উত্তোলন করেন। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।

সকাল ১১টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। সভায় এসএমপির কার্যক্রম ও সাফল্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

এ উপলক্ষে পুনাক, এসএমপি, সিলেট আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার আতিয়া মহলের ঘটনায় বোমা হামলায় নিহত দুই পুলিশ ইন্সপেক্টরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা, টিমওয়ার্ক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসএমপির কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে হবে।

তিনি আরও বলেন, পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর করতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর; অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি; অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেনসহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

এ ছাড়া অনুষ্ঠানে পুনাক, এসএমপি, সিলেটের সদস্যবৃন্দ, পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।