সুনামগঞ্জের সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নে বজ্রপাতে আখি (১৫) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার নলুয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আখি ওই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির সামনের খলায় থাকা ধান বৃষ্টিতে ভেজার যাওয়ার আশঙ্কায় দ্রুত সেগুলো গোছাতে যায় স্কুলছাত্রী আঁখি। ধান সরানোর একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’