তিন-তিনবার হোঁচট খেলেন বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক ::

বিমানে উঠতে গিয়ে তিন-তিনবার হোঁচট খেতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। গতকাল শুক্রবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রু থেকে আটলান্টার উদ্দেশে রওনা হচ্ছিলেন তিনি। এ সময় এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতে ওঠার সময় হোঁচট খান এই ডেমোক্র্যাট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বাইডেন ৯ কদম এগিয়ে দশমে পা দিতেই প্রথম হোঁচট খান। এরপর নিজেকে সামলে সামনে যেতে গিয়ে আরও দুইবার একইভাবে পড়ে যান।

এরপর অবশ্য আর তেমন কিছু হয়নি। প্লেনের বাকি সিঁড়িগুলো ঠিকমতো পার হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কর্মকর্তাদের স্যালুট দেন তিনি। এই ঘটনার পর হোয়াইট হাউজের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘বাইরে খুব বাতাস ছিল। তিনি শতভাগ ভালো আছেন।

বাইডেনের কোনো শারীরিক সমস্যা আছে কি না, হোঁচট খাওয়ার পর ডাক্তার দেখানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউজ জানিয়েছে, তার দরকার পড়েনি।

৭৮ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। গত নভেম্বরে কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েছিলেন জো বাইডেন।