কানাইঘাটে ৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিলেটের কানাইঘাটে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) জহিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের রায়পুর এলাকায় কানাইঘাট থেকে চতুল বাজারগামী পাকা সড়কের পাশে রায়পুর সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কের সামনে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলাম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসলাম উদ্দিন রায়পুর উত্তর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। তাঁর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তি ও পলাতক অপর আসামির বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।