বার্সেলোনায় ইয়ামালের রেকর্ড কি মেসির চেয়েও ভালো?

বার্সেলোনার ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত ড্রিবলিং, মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোলে সহায়তা এবং ম্যাচসেরার স্বীকৃতি—লামিনে ইয়ামাল যেন প্রতিটি ম্যাচেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। স্পেনের এই তরুণ ফরোয়ার্ডের পায়ের জাদুতে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। একই সঙ্গে গোল ও গোলে সহায়তার পরিসংখ্যানে একের পর এক নজির গড়ে তুলছেন তিনি।

মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর থেকেই আলোচনায় ইয়ামাল। তবে চলতি মৌসুমে তার ধারাবাহিক পারফরম্যান্স নতুন করে সামনে এনেছে একটি প্রশ্ন- কিশোর বয়সে বার্সেলোনার হয়ে পারফরম্যান্সের বিচারে কি লিওনেল মেসিকেও ছাড়িয়ে যাচ্ছেন তিনি?

চলতি মৌসুমের প্রথম আট সপ্তাহে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ১০ ম্যাচে আটটি গোল করেছেন ইয়ামাল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও নয়টি গোল। অর্থাৎ, গোল ও গোলে সহায়তা মিলিয়ে তার অবদান ১৭টি।

অন্যদিকে, ২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার হয়ে প্রথম ১০ ম্যাচে আট গোল ও ছয়টি গোলে সহায়তা করেছিলেন মেসি। সব মিলিয়ে তার অবদান ছিল ১৪ গোলে। ওই মৌসুমেই প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।