সিলেট

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও সুমাইয়া ফেরদৌস

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও সুমাইয়া ফেরদৌস

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারগুলো পরিদর্শন করেছেন।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে নির্বাহী কর্মকর্তা, থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান, বিএনপি ও খেলাফত মজলিশের নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বিরাজমান সমস্যাগুলো ঘুরে ঘুরে দেখেন এবং তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ স্বপ্নীল সৌরভ রায়, কর্মরত চিকিৎসক, নার্সদের সাথে কথা বলেন। এ সময় চিকিৎসক ও নার্সরা হাসপাতালে বিভিন্ন বিরাজমান সমস্যার কথা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরেন।

হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালের সীমানা প্রাচীরগুলো আরো উঁচুকরণ এবং হাসপাতালের কোয়ার্টার এলাকায় রাতের বেলা বহিরাগতদের আনাগোনা বন্ধ করতে হাসপাতাল এলাকায় থানা পুলিশের টহল আরো জোরদার এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ভিডিপি’র সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।

উল্লেখ্য, সম্প্রতি সময়ে হাসপাতালের কোয়ার্টার এলাকায় কিছু বখাটে ও মাদকসেবীরা প্রবেশ করে কোয়ার্টারে বসবাসরত চিকিৎসক ও নার্সদের সাথে দূরব্যবহারের অভিযোগ উঠেছে। যার কারনে চিকিৎসক ও নার্সরা একধরনের ভয়ের মধ্যে বসবাস করছেন। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী কর্মকর্তা হাসপাতাল কোয়ার্টার এলাকা পরিদর্শনে যান।

এ সময় পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি আমানুর রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী সহ খেলাফত মজলিশ নেতৃবৃন্দ হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা ও পৌর বিএনপি, সহযোগী সংগঠন সহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।