স্টাফ রিপোর্টার:
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৫টি টায়ার ও একটি কাঠের বারকি নৌকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা টায়ারগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় জড়িত তিনজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার এসআই (নিঃ) সুব্রত চন্দ্র দাস ও এএসআই (নিঃ) রাসেল মিয়াসহ পুলিশের একটি দল উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নিহালপুর গ্রামের অন্তর্গত চিন্তার বাজার লোভাছড়া নদীর খেয়াঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৫টি ভারতীয় টায়ার ও একটি কাঠের বারকি নৌকা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় ঘটনার সঙ্গে জড়িত তিনজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় কানাইঘাট থানায় ১১ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নং-০৭ দায়ের করা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারা উল্লেখ করা হয়েছে।
মামলাটির তদন্তভার এসআই (নিঃ) আব্দুল হান্নানের ওপর অর্পণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশের একাধিক দল অভিযান অব্যাহত রেখেছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং উদ্ধার করা মালামালের বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।