স্টাফ রিপোর্টার:
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার মোকামতলা উপজেলার নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২.১০.২৬ ইং তারিখ সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার আয়োজনে ভরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ক জ্ঞান বৃদ্ধি এবং নিরাপদ সড়ক গড়ার আন্দোলনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো।
এতে ভরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক ওসমান গনি, নির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু, রাইসুল ইসলামসহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিসচা নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী, পথচারী ও শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হতে হবে। সড়ক আইন মেনে চলা, ট্রাফিক সংকেত অনুসরণ এবং নিরাপদে চলাচলের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। এ জন্য শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
নিরাপদ সড়ক চাই বিষয়ে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নবম শ্রেণির প্রথম রোলধারী শিক্ষার্থী রিশা মনি, দ্বিতীয় স্থান অর্জন করে নবম শ্রেণির তৃতীয় রোলধারী তৃষ্ণা আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করে অষ্টম শ্রেণির দ্বিতীয় রোলধারী শামস আল দ্বীন।
এ ছাড়া সান্ত্বনা পুরস্কার পেয়েছে, দশম শ্রেণির তৃতীয় রোলধারী নুসরাত জাহান, সপ্তম শ্রেণির ১১ নম্বর রোলধারী রিয়া মনি এবং অষ্টম শ্রেণির ১৩ নম্বর রোলধারী সানজিদ হাসান।