সিলেট প্রতিনিধি:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট পুলিশ লাইন্স মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
ফাইনাল খেলায় ক্রাইম বিভাগ (উত্তর ও দক্ষিণ)-এর দল এবং ট্রাফিক, সিটিএসবি, প্রসিকিউশন ও ডিবির সমন্বয়ে গঠিত যৌথ দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ট্রাফিক, সিটিএসবি, প্রসিকিউশন ও ডিবির সমন্বয়ে গঠিত যৌথ দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর; অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি; অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেনসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্ট পুলিশ সদস্যদের মধ্যে খেলাধুলার চর্চা, পারস্পরিক সৌহার্দ্য ও দলগত সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।