জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন মোটরসাইকেলচালক স্বামী

ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করেন এক ব্যক্তি। এ সময় তার মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান সঙ্গে থাকা স্ত্রী। কিন্তু স্ত্রীকে না তুলেই দ্রুত পালিয়ে যান ওই ব্যক্তি। পরে পুলিশের এক সদস্য ওই নারীকে উঠে দাঁড়াতে সাহায্য করেন।

এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি ঘিরে অনলাইনে শুরু হয়েছে বিতর্কের ঝড়।জানা গেছে, সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপুর জেলার ত্রিশূল চকে ঘটেছে ঘটনাটি।

প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় নম্বরপ্লেট ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল ট্রাফিক পুলিশ। এ সময় এক মোটরসাইকেলচালককে থামার সংকেত দেওয়া হয়।কিন্তু পুলিশের সংকেত উপেক্ষা করে ওই ব্যক্তি মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন। পুলিশকে পাশ কাটিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা তার স্ত্রী রাস্তায় পড়ে যান।ভিডিওতে দেখা যায়, নারী পড়ে যাওয়ার পরও মোটরসাইকেলচালক থামেননি। তিনি স্ত্রীকে ফেলে চলে যান। পরে পুলিশের এক সদস্য ওই নারীকে উঠে দাঁড়াতে সহায়তা করেন।পরে পুলিশ ওই নারীর সঙ্গে কথা বলে। তিনি আঘাত পাননি বলে জানান। পুলিশ তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পর বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে।তবে এ ঘটনায় ওই মোটরসাইকেলচালকের পরিচয় কিংবা তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করেছেন ব্যবহারকারীরা।একজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘বর্ষসেরা স্বামী। উত্তর ভারতের বড় উন্নয়ন।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘নারীর নিশ্চয়ই ব্যথা লাগছে, কিন্তু বিব্রত হওয়ার কারণে হয়তো তা প্রকাশ করতে পারছেন না।’

অন্য একজন লিখেছেন, ‘ভারতের অধিকাংশ গৃহবধূর অবস্থা এমন।’ঘটনাটি ঘিরে অনলাইনে ব্যঙ্গ ও সমালোচনা চলছে। পাশাপাশি বেপরোয়া মোটরসাইকেল চালানোর ঝুঁকি এবং সড়কে নিরাপত্তা বিধি মেনে চলার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হচ্ছে।