আম্বরখানা থেকে বিমানবন্দর সড়কে ২৫০ মিটার ঢালাই সড়ক নির্মাণ ও বাস-সিএনজি স্ট্যান্ড স্থানান্তর নিয়ে আলোচনা
সিলেট মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ২৫০ মিটার ঢালাই সড়ক নির্মাণের লক্ষ্যে যানজট নিরসন এবং বাস ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড স্থানান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করা, যানজট কমানো এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও পরিবহন মালিক সমিতির মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর; অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, এসএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং নগরবাসীর চলাচল আরও নির্বিঘ্ন করার বিষয়ে আলোচনা করা হয়।