কার্যকর হওয়ার মাত্র দুদিন আগে রাশিয়ার ওপর আরোপিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেসে এই সংক্রান্ত একটি বিল পাস হয়। শুক্রবার রাতে ট্রাম্প নির্বাহী আদেশে জানান, দেশের স্বার্থেই নিষেধাজ্ঞার কিছু অংশ স্থগিত করা প্রয়োজন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই স্থগিতাদেশ ৬০ দিনের জন্য বলবৎ থাকবে। বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব বিশ্লেষণ করতেই এই সময় নেওয়া হয়েছে।
নতুন আইনটির মূল লক্ষ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে কোণঠাসা করা। রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশ, বিশেষ করে চীন ও ভারতের ওপর শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছিল। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ জ্যেষ্ঠ কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান ও নিষেধাজ্ঞা এড়িয়ে চলা ছায়া ট্যাংকারগুলোর ওপরও নিষেধাজ্ঞার বিধান ছিল।
এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে গত সপ্তাহে স্টারলিংক আচমকা ইউক্রেনের ড্রোনের স্পিড সীমিত করে দেয়। এতে ইউক্রেনের ড্রোন ট্র্যাকিং ব্যাহত হয় এবং রুশ হামলা ঠেকানোর সক্ষমতা কমে যায়।
জেলেনস্কি জানান, মার্কিন প্রশাসন একে কারিগরি ত্রুটি বলে ব্যাখ্যা দিলেও ইইউ ভূখণ্ডে পরীক্ষায় এমন কোনো সমস্যা পাওয়া যায়নি।
অন্যদিকে রাশিয়া ট্রাম্পের এই আদেশকে স্বাগত জানিয়েছে। রাশিয়ার প্রতিনিধি কিরিল দিমিত্রিভ এটিকে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন।