আন্তর্জাতিক

যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: এমআই-ফাইভ প্রধান

যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: এমআই-ফাইভ প্রধান

ইরান জোরেশোরে যুক্তরাজ্যের সামরিক স্থাপনাসহ আরও বড় লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভের মহাপরিচালক কেন ম্যাককালাম।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাজ্যের সামনে থাকা বহুমাত্রিক হুমকি নিয়ে বার্ষিক বক্তৃতায় কেন ম্যাককালাম জানান, চলমান তদন্তের কারণে ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটি ফেয়ারফোর্ডের গত সেপ্টেম্বরের ঘটনা নিয়ে তিনি কথা বলতে পারবেন না। তবে তিনি বলেন, এ বছর ‘সামরিক স্থাপনার মতো বড় লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়ে ইরানি উচ্চাকাঙ্ক্ষায়’ বড় পরিবর্তন দেখা গেছে।

এর আগে গতকাল সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, গত সেপ্টেম্বরে রয়্যাল এয়ারফোর্স ফেয়ারফোর্ড ঘাঁটিকে ঘিরে একটি ষড়যন্ত্রের পেছনে তেহরান ‘প্রায় নিশ্চিতভাবেই’ জড়িত ছিল। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো ওই ঘাঁটি ব্যবহার করেছিল।