সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা, চিকিৎসাধীন অবস্থায় তরুণের মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হিমেল দাস (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জয় দাস (২০) নামে আরেক তরুণ গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের ভরারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হিমেল দাসের মৃত্যু হয়।

নিহত হিমেল দাস দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহাতাপপুর গ্রামের মতি লাল দাসের ছেলে। আহত জয় দাস একই গ্রামের জহরলাল দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের নুরুল হকের ছেলে তামিম মিয়া ও রন্নারচর গ্রামের ফয়জুল মিয়ার ছেলে সাইফুল মিয়া একটি মোটরসাইকেলে করে দিরাই থেকে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে, হিমেল দাস ও জয় দাস আরেকটি মোটরসাইকেলে করে দিরাই সদরের দিকে যাচ্ছিলেন। পথে ভরারগাঁও এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে হিমেল ও জয় গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হিমেল দাসের মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তামিম মিয়া ও সাইফুল মিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে তামিমের বাবা নুরুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।