প্রথম বিশ্বযুদ্ধের যাজককে সন্ত ঘোষণার উদ্যোগ

 

প্রথম বিশ্বযুদ্ধে আহত সৈন্যদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো আইরিশ ক্যাথলিক যাজক ফাদার উইলি ডয়েলকে সন্ত ঘোষণার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে ক্যাথলিক চার্চ।

এ লক্ষ্যে আজ রোববার আয়ারল্যান্ডের মুলিঙ্গার ক্যাথেড্রালে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের পর তার জীবন ও কর্ম সংক্রান্ত সাড়ে তিন হাজার পৃষ্ঠার নথি ভ্যাটিকানে পাঠানো হবে।

ফাদার ডয়েল প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর ১৬তম আইরিশ ডিভিশনের সামরিক যাজক হিসেবে দায়িত্ব পালন করেন। সোম, মেসিনেস ও পাসশেনডেলের মতো ভয়াবহ যুদ্ধক্ষেত্রে তিনি শত্রুপক্ষের গোলাবর্ষণের মধ্যেও আহত সৈন্যদের উদ্ধার করতেন।

১৯১৭ সালের ১৬ আগস্ট পাসশেনডেলের যুদ্ধে আহত দুই প্রোটেস্ট্যান্ট সৈন্যকে সাহায্য করতে গিয়ে গোলার আঘাতে তিনি নিহত হন।

১৮৭৩ সালে ডাবলিনে জন্ম নেওয়া এই যাজকের পুরো নাম উইলিয়াম জোসেফ গ্যাব্রিয়েল ডয়েল। সোমের যুদ্ধে সাহসিকতার জন্য তিনি মিলিটারি ক্রস পদক পেয়েছিলেন।

ক্যাথলিক চার্চে সন্ত ঘোষণার প্রক্রিয়া দীর্ঘ। ২০২২ সালে মিটের ডায়োসিস পর্যায়ে তার বিষয়ে তদন্ত শুরু হয়। আজকের অনুষ্ঠানটি সেই তদন্তের চূড়ান্ত প্রকাশ্য অধিবেশন। এরপর নথিপত্র সিলমোহর করে রোমে পাঠানো হবে।